11/10/2026
প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ, সহজলভ্য এবং সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতির আওতায় নিয়ে আসার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব Education Management System (EMS) সফটওয়্যারের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। নতুন এই ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক ও পরীক্ষা-সংক্রান্ত সেবাগুলোকে একটি সমন্বিত অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসার কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে চলছে।
আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, EMS সফটওয়্যারের কার্যক্রম শুরুর পর থেকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম পর্যায়ক্রমে সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। বিশেষ করে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন ও এনরোলমেন্ট কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বর্তমানে পরীক্ষার ফরমপূরণ কার্যক্রমও সুষ্ঠুভাবে এগিয়ে চলছে।
নিয়মিত পরীক্ষার্থীদের পাশাপাশি অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ফরমপূরণের সুযোগ নিশ্চিত করতেও আমরা নিরলসভাবে কাজ করছি। এসব পরীক্ষার্থীর পূর্ববর্তী পরীক্ষার তথ্য, ফলাফল ও একাডেমিক রেকর্ডের সঙ্গে সংশ্লিষ্ট কিছু জটিলতা চিহ্নিত হয়েছে। প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে পর্যায়ক্রমে সমাধান করা হচ্ছে।
পূর্ববর্তী শিক্ষাবর্ষের তথ্য সংযোজন ও হালনাগাদ
ইতোমধ্যে ২০১৭-১৮ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত শিক্ষার্থীদের একাডেমিক তথ্য ও পরীক্ষার ফলাফল EMS সফটওয়্যারে সংযুক্ত করা হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ডিজিটাল পরীক্ষা ব্যবস্থাপনা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
তবে ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে এখনো কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেননি, এমন কিছু শিক্ষার্থীর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ চলমান রয়েছে। সংশ্লিষ্ট তথ্য পাওয়া ও যাচাই সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের সমস্যাগুলো অগ্রাধিকারভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
আমরা জানি, শিক্ষার্থীদের কাছে প্রতিটি পরীক্ষা, প্রতিটি শিক্ষাবর্ষ এবং শিক্ষাজীবনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রয়োজনীয় তথ্যের ঘাটতি কিংবা সাময়িক জটিলতার কারণে কোনো শিক্ষার্থী যেন অনিশ্চয়তার মধ্যে না থাকেন, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।
শিক্ষার্থীদের সমস্যা সমাধানে আমাদের কার্যক্রম: শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা দ্রুত চিহ্নিত ও সমাধানের লক্ষ্যে সাপোর্ট টিকিট সিস্টেম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়মিত সহযোগিতা প্রদান করা হচ্ছে। প্রতিদিন শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া সমস্যাগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
EMS একটি নতুন চালুকৃত সমন্বিত সফটওয়্যার হওয়ায় এর প্রাথমিক কার্যক্রমে কিছু বিষয় হালনাগাদ, সমন্বয় ও সংশোধনের প্রয়োজন হচ্ছে। এসব কাজ ধারাবাহিকভাবে সম্পন্ন করা হচ্ছে এবং সফটওয়্যারটিকে আরও স্থিতিশীল, নির্ভরযোগ্য ও ব্যবহারবান্ধব করে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
আমাদের লক্ষ্য শুধু বর্তমান সমস্যাগুলোর সমাধান করা নয়; বরং এমন একটি কার্যকর ডিজিটাল ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে ভবিষ্যতে শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন, এনরোলমেন্ট, ফরমপূরণসহ বিভিন্ন একাডেমিক কার্যক্রম সহজে, দ্রুত এবং অপ্রয়োজনীয় ভোগান্তি ছাড়াই সম্পন্ন করতে পারবেন।
পরীক্ষার ফি পরিশোধ, পূর্বে জমাকৃত অর্থ সমন্বয় ও অতিরিক্ত ফি ফেরত: শিক্ষার্থীদের আর্থিক স্বার্থ সুরক্ষা এবং পরীক্ষার ফি পরিশোধের প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। ইতোমধ্যে পেমেন্ট-সংক্রান্ত বেশ কিছু সমস্যা সমাধান করা হয়েছে। পাশাপাশি পূর্বে জমাকৃত অর্থ সমন্বয় এবং অতিরিক্ত পরিশোধিত অর্থ ফেরতের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
১. পূর্বে জমাকৃত ফি সমন্বয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পূর্বে পরীক্ষার ফরমপূরণ করে সংশ্লিষ্ট বিভাগে ফি জমা দিয়েছেন, এমন শিক্ষার্থীদের জন্য EMS সফটওয়্যারে ‘Claim Payment from College’ সুবিধা যুক্ত করা হয়েছে। শিক্ষার্থীরা ফরমপূরণের সময় এই অপশন ব্যবহার করে পূর্বে জমাকৃত অর্থের পেমেন্ট স্লিপ আপলোড করতে পারবেন। সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক যাচাইয়ের পর জমাকৃত অর্থ বর্তমান পরীক্ষার ফরমপূরণের ফির সঙ্গে সমন্বয় করা হবে।
২. অবশিষ্ট ফি পরিশোধ: কোনো শিক্ষার্থীর পূর্বে জমাকৃত অর্থ বর্তমান পরীক্ষার নির্ধারিত ফির চেয়ে কম হলে সংশ্লিষ্ট বিভাগ যাচাইয়ের সময় অবশিষ্ট অর্থ নির্ধারণ করবে। এরপর শিক্ষার্থী EMS-এর অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বকেয়া অর্থ পরিশোধ করে ফরমপূরণ সম্পন্ন করতে পারবেন।
৩. অতিরিক্ত জমাকৃত ফি ফেরত: পরীক্ষার ফি নির্ধারণ ও সংশোধন-সংক্রান্ত কার্যক্রমের কারণে যেসব শিক্ষার্থী নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ পরিশোধ করেছেন, তাঁদের অতিরিক্ত জমাকৃত অর্থ ফেরত প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে। শিক্ষার্থীদের আর্থিক স্বার্থ বিবেচনায় যথাযথ যাচাইয়ের মাধ্যমে অতিরিক্ত অর্থ ফেরতের বিষয়টি নিশ্চিত করতে বিভাগগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
ফি-সংক্রান্ত কোনো জটিলতার কারণে শিক্ষার্থীরা যেন অপ্রয়োজনীয় আর্থিক ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ ভিডিও টিউটোরিয়াল: EMS সফটওয়্যার ব্যবহারের প্রতিটি ধাপ শিক্ষার্থীদের কাছে আরও সহজ ও বোধগম্য করে তুলতে শিগগিরই পূর্ণাঙ্গ ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করা হবে। এসব টিউটোরিয়ালে শিক্ষার্থীদের অনলাইন সাইনআপ ও রেজিস্ট্রেশন, এনরোলমেন্ট, বিভাগীয় ভেরিফিকেশন, পরীক্ষার ফরমপূরণ, ফি পরিশোধ, পূর্বে জমাকৃত অর্থ সমন্বয় এবং প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম ধাপে ধাপে তুলে ধরা হবে।
আমরা চাই, একজন শিক্ষার্থী যেন নিজেই ঘরে বসে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করে সহজে তাঁর একাডেমিক কার্যক্রম সম্পন্ন করতে পারেন।
শিক্ষার্থীদের প্রতি আমাদের অঙ্গীকার: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিশ্বাস করে, প্রতিটি শিক্ষার্থীর শিক্ষাজীবন, সময় ও ভবিষ্যৎ সমানভাবে গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুস্পষ্ট লক্ষ্য হলো, যোগ্য কোনো শিক্ষার্থী যেন তথ্যগত অসংগতি, সফটওয়্যার-সংক্রান্ত সাময়িক জটিলতা কিংবা প্রশাসনিক প্রক্রিয়ার কারণে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত না হন।
যেসব শিক্ষার্থী এখনো রেজিস্ট্রেশন, এনরোলমেন্ট কিংবা ফরমপূরণ-সংক্রান্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাঁদের আশ্বস্ত করতে চাই—আপনাদের সমস্যাগুলো আমাদের নজরে রয়েছে এবং প্রতিটি যৌক্তিক সমস্যা সমাধানে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত আছে।
একটি নতুন ও বৃহৎ ডিজিটাল ব্যবস্থার প্রাথমিক পর্যায়ে কিছু সাময়িক অসুবিধা দেখা দিতে পারে। তবে আপনাদের সহযোগিতা, সংশ্লিষ্ট বিভাগগুলোর আন্তরিক প্রচেষ্টা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বিত উদ্যোগে এসব জটিলতা কাটিয়ে আমরা দ্রুত একটি স্থিতিশীল ও শিক্ষার্থীবান্ধব সেবা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারব বলে আশাবাদী।
আগামীর স্মার্ট ও ডিজিটাল বিশ্ববিদ্যালয়: আমাদের স্বপ্ন কেবল একটি অনলাইন ফরমপূরণ ব্যবস্থা চালু করা নয়; বরং একটি আধুনিক, সমন্বিত এবং প্রযুক্তিনির্ভর বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা গড়ে তোলা। EMS সফটওয়্যারের মাধ্যমে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক সেবাগুলো ডিজিটাল ব্যবস্থার আওতায় এনে সেবাপ্রাপ্তির প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও গতিশীল করার লক্ষ্যে আমরা কাজ করছি।
আমরা এমন একটি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সেবা পেতে অপ্রয়োজনীয় দৌড়ঝাঁপ করতে হবে না; প্রযুক্তির সহায়তায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতার সঙ্গে সেবা পৌঁছে যাবে প্রতিটি শিক্ষার্থীর কাছে।
পূর্ণাঙ্গ অনলাইনভিত্তিক শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থাপনার মাধ্যমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে দেশের অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের প্রত্যাশা।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আপনাদের ধৈর্য, আন্তরিক সহযোগিতা এবং গঠনমূলক মতামত আমাদের এই অগ্রযাত্রার অন্যতম শক্তি। চলমান কার্যক্রম সম্পন্ন করতে আপনাদের সহযোগিতা ও সহমর্মিতা একান্তভাবে কামনা করছি। আপনাদের শিক্ষাজীবনকে আরও সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন করাই আমাদের প্রচেষ্টার মূল উদ্দেশ্য।
শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষা ও মানসম্মত সেবা নিশ্চিত করতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিশ্রুতিবদ্ধ।
ধন্যবাদান্তে,
EMS Cell, DCU