27/05/2026
স্বপ্নটা বোনা শুরু হয়েছিল ২০২১-এর দিকে। বন্ধুদের দীর্ঘ আড্ডা আর অসংখ্য আলোচনার মধ্য দিয়ে অবশেষে ২০২২ সালে যাত্রা শুরু করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি।
সোসাইটির শুরুর দিকের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি ছিল অনীক দত্ত স্যারের উপস্থিতি। অপরাজিত মুক্তির পর আমরা আয়োজন করেছিলাম এক বিশেষ আলোচনা সভা— “‘পথের পাঁচালী–১৯৫৫’ থেকে ‘অপরাজিত–২০২২’... জন্মশতবর্ষে সত্যজিৎ রায় ও আমরা”। সেদিন শুধু একজন পরিচালকের সঙ্গে দেখা হয়নি, পরিচয় হয়েছিল এমন একজন মানুষের সঙ্গে, যিনি সিনেমাকে শুধু পর্দায় নয়, চিন্তায় ও চর্চায় বাঁচিয়ে রাখতেন!
শুধু একজন চলচ্চিত্র পরিচালক হিসেবেই নয়, একজন পথপ্রদর্শক হিসেবেও তিনি আমাদের পাশে ছিলেন। কীভাবে একটি ফিল্ম সোসাইটি এগিয়ে নিয়ে যেতে হয়, কীভাবে সিনেমাকে কেন্দ্র করে মানুষকে ভাবতে শেখানো যায়, কীভাবে একটা জায়গাকে শুধু অনুষ্ঠান নয়, একটা সংস্কৃতিতে পরিণত করা যায়— এসব নিয়েও তিনি আমাদের আন্তরিকভাবে পরামর্শ দিয়েছিলেন।
অনীক দত্ত শুধু একজন পরিচালক নন, তিনি ছিলেন এক নির্ভীক কণ্ঠস্বর। ক্ষমতার সামনে মাথা নত না করে, নিজের বিশ্বাসে অবিচল থেকে, শিরদাঁড়া সোজা রেখে সত্য বলার সাহস দেখিয়ে গেছেন তিনি।
আজ একজন মানুষকে নয়, একটা কণ্ঠস্বরকে হারানোর শূন্যতা অনুভব হচ্ছে।
Rest in Cinema, Sir!!