23/05/2026
চবিতে ২০২৫-২৬ সেশনের ১ম সেমিস্টারের কোর্স শিক্ষকদের নিয়ে ৩ দিনব্যাপী OBE কারিকুলামের বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
======
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারে পাঠদানকারী শিক্ষকদের নিয়ে 'আউটকাম বেসড এডুকেশন' (OBE) কারিকুলামের উপর তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১২-১৪ মে ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এবারের কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৫৪টি বিভাগ ও ইনস্টিটিউটের প্রায় ৩৫০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের সুবিধার্থে শিক্ষকদের প্রতি ব্যাচে ৩৫-৪০ জন করে মোট ৯টি ব্যাচে বিভক্ত করা হয়। প্রতিদিন মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ১০৮, ৩১০ ও ৪১০ নম্বর কক্ষে সমান্তরালভাবে তিনটি ব্যাচে এই দিনব্যাপী প্রশিক্ষণ সেশনগুলো পরিচালিত হয়।
তিন দিনব্যাপী এই কর্মশালায় মোট ৬টি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়।
সেশনগুলোর মূল বিষয়বস্তু ছিল:
• ওবিই (OBE) কারিকুলামের গঠন ও বিন্যাস।
• কোর্স প্ল্যান ও কোর্স আউটলাইন প্রস্তুতকরণ।
• ব্লুমস ট্যাক্সোনমি (Bloom's Taxonomy) এবং কোর্সের বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখে শিক্ষণ ও শিখন (Teaching & Learning) কৌশল নির্ধারণ।
• ফলাফল-ভিত্তিক শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন পদ্ধতি।
• মূল্যায়ন নির্দেশিকা বা রুব্রিক্স (Rubrics) তৈরি এবং এর ব্যবহারিক প্রয়োগ।
• প্রোগ্রাম অ্যাক্রেডিটেশনের (Accreditation) শর্তপূরণে সর্বোত্তম উপায়ে কোর্স ফাইল সংরক্ষণ।
বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো পূর্ণাঙ্গভাবে ফলাফল-ভিত্তিক (OBE) কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষকদের প্রয়োজনীয় বিষয়ে সম্যক ধারণা প্রদান এবং সম্ভাব্য বাধাসমূহ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি গ্রহণে সহায়তা করাই ছিল এ ওয়ার্কশপের মূল উদ্দেশ্য।
'আউটকাম বেসড এডুকেশন' (OBE) কারিকুলাম বাস্তবায়নে অভিজ্ঞ তিনজন প্রশিক্ষকের তত্ত্বাবধানে এই কর্মশালাটি সম্পাদিত হয়। কর্মশালায় মূল রিসোর্স পারসন (প্রশিক্ষক) হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (AIUB) কোয়ালিটি অ্যাসুরেন্স প্রফেশনাল এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (BAC) একাডেমিক অডিটর প্যানেলিস্ট প্রফেসর ড. এ. বি. এম. রহমতুল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রফেসর ও আইকিউএসির (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক ড. মো. মনিমুল হক এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং ডিসিপ্লিনের প্রফেসর ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. সালাউদ্দিন।
প্রতিটি সেশনে মূল প্রশিক্ষকদের পাশাপাশি চবি আইকিউএসি টিমের পক্ষ থেকে সার্বিক তদারকি করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহাদাত হোছাইন এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন। এছাড়া একাডেমিক সাপোর্ট টিমে দায়িত্ব পালন করেন চবি ইংরেজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ রোকন উদ্দীন এবং অ্যাকাউন্টিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল হোছাইন।
কর্মশালার দ্বিতীয় দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান প্রশিক্ষণ ভেন্যুসমূহ পরিদর্শন করেন। তিনি অংশগ্রহণকারী শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এবং চবিতে ওবিই কারিকুলামের সফল বাস্তবায়নে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
------------
স্বাক্ষরিত/-
(খন্দকার মোয়াজ্জেম হোসেন)
ডেপুটি রেজিস্ট্রার (তথ্য ও জনসংযোগ)
রেজিস্ট্রার দপ্তর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।