09/04/2023
শিশুদের আদর-স্নেহ করা
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের খুব আদর-স্নেহ করতেন। অন্যদেরকে তাদের প্রতি কোমল আচরণের নির্দেশ দিতেন। তাদের সাথে দয়া ও সহানুভূতির আচরণের উপদেশ দিতেন। যারা শিশুদের সাথে দয়ার আচরণ করে না তাদের ভর্ৎসনা করতেন। তিনি বলেছেন-
لَيْسَ مِنّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا، وَيَعْرِفْ حَقّ كَبِيرِنَا.
যে আমাদের ছোটদের প্রতি রহম করে না এবং আমাদের বড়দের অধিকারের প্রতি লক্ষ রাখে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। -সুনানে আবু দাউদ, হাদীস ৪৯৪৩; জামে তিরমিযী, হাদীস ২০৩২; মুসনাদে আহমাদ, হাদীস ৬৭৩৩
আবু হুরায়রা রা. বর্ণনা করেন, একদা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নাতি হাসান রা.-কে চুমু খেলেন। আকরা ইবনে হাবিস রা. পাশে বসা ছিলেন। তিনি বললেন, আমার দশটা সন্তান। একজনকেও আমি কখনো চুমু দিইনি। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বললেন-
إِنّهُ مَنْ لَا يَرْحَمُ لَا يُرْحَمُ.
নিশ্চয় যে দয়া করে না তার প্রতিও দয়া করা হবে না। -সহীহ বুখারী, হাদীস ৫৯৯৭; সহীহ মুসলিম, হাদীস ২৩১৮
উম্মুল মুমিনীন আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক বেদুইন সাহাবী নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসেছে। (নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শিশুকে চুমু দিলে) সে বলল-
يَا رَسُولَ اللهِ، أَتُقَبِّلُ الصِّبْيَانَ؟
হে আল্লাহর রাসূল! আপনি কি শিশুদের চুমু খান?
উত্তরে নবীজী বললেন, হাঁ।
সে বলল, আমরা তো শিশুদের চুমু দিই না।
একথা শুনে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন-
أَوَأَمْلِكُ لَكَ أَنْ نَزَعَ اللهُ مِنْ قَلْبِكَ الرّحْمَةَ؟
আল্লাহ তোমার দিল থেকে রহম ছিনিয়ে নিলে আমার কী করার আছে! -সহীহ বুখারী, হাদীস ৫৯৯৮; সহীহ মুসলিম, হাদীস ২৩১৭; সুনানে ইবনে মাজাহ, হাদীস ৩৬৬৫; মুসনাদে আহমাদ, হাদীস
শিশুদের কোলে নেওয়া, চুমু খাওয়া
নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের খুব আদর করতেন। তাদের চুমু খেতেন, কোলে তুলে নিতেন। ইয়ালা ইবনে র্মুরা রা. বলেন-
إِنّهُمْ خَرَجُوا مَعَ النّبِيِّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى طَعَامٍ دُعُوا لَهُ، فَإِذَا حُسَيْنٌ يَلْعَبُ فِي السِّكّةِ، قَالَ: فَتَقَدّمَ النّبِيّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ أَمَامَ الْقَوْمِ، وَبَسَطَ يَدَيْهِ، فَجَعَلَ الْغُلَامُ يَفِرّ هَاهُنَا وَهَاهُنَا، وَيُضَاحِكُهُ النّبِيّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ حَتّى أَخَذَهُ، فَجَعَلَ إِحْدَى يَدَيْهِ تَحْتَ ذَقَنِهِ، وَالْأُخْرَى فِي فَأْسِ رَأْسِهِ ثُمّ أَقْنَعَ رَأْسَهُ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ فَوَضَعَ فَاهُ عَلَى فِيهِ فَقَبّلَهُ وَقَالَ: حُسَيْنٌ مِنِّي، وَأَنَا مِنْ حُسَيْنٍ، أَحَبّ اللهُ مَنْ أَحَبّ حُسَيْنًا، حُسَيْنٌ سِبْطٌ مِنَ الْأَسْبَاطِ.
কিছু সাহাবী নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাওয়াত খেতে বের হলেন। হঠাৎ দেখা গেল হুসাইন রাস্তায় খেলা করছে! নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে এগিয়ে গেলেন এবং তাকে কোলে নেওয়ার জন্য উভয় হাত তার দিকে প্রসারিত করলেন। এ দেখে হুসাইন এদিক-সেদিক ছোটাছুটি আরম্ভ করল। তখন নবীজী তাকে (ধরার জন্য এটাসেটা বলে) হাসাচ্ছিলেন। অবশেষে তাকে ধরে ফেললেন। এরপর তিনি এক হাত তার থুতনির নিচে রাখলেন, আরেক হাত মাথার পিছনে রাখলেন। তারপর তার মাথাকে নিচু করে তার মুখে মুখ রেখে চুমু খেলেন এবং বললেন- হুসাইন আমা হতে, আমি হুসাইন হতে। (অর্থাৎ আমাকে যে ভালবাসে সে হুসাইনকেও ভালবাসবে; হুসাইনকে ভালবাসা মানে আমাকে ভালবাসা) যে হুসাইনকে মহব্বত করে আল্লাহ তাকে মহব্বক করুন। হুসাইন আমার (প্রধান) দৌহিত্র। (তার মাধ্যমেই আমার বংশের বড় অংশের বিস্তৃতি ঘটবে)। -সুনানে ইবনে মাজাহ, হাদীস ১৪৪; মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস ৩২৮৬০; মুসনাদে আহমাদ, হাদীস ১৭৫৬১; আলআদাবুল মুফরাদ, বুখারী, হাদীস ৩৬৪; সহীহ ইবনে হিব্বান, হাদীস ৬৯৭১