25/04/2026
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে একজনের মানবদেহের অবশিষ্ট অংশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার দেশটির গণমাধ্যম ডব্লিউএফএলএ নিউজ চ্যানেল ৮ জানিয়েছে, উদ্ধার হওয়া দেহের অবশিষ্টাংশ জামিল লিমনের।
তিনি ওই বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন।
স্থানীয় পুলিশ এখনো নাহিদা বৃষ্টির সন্ধান চালিয়ে যাচ্ছে। তিনি একই বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশলের শিক্ষার্থী।
দুজনেরই বয়স ২৭। গত ১৬ এপ্রিল তাদের সবশেষ দেখা যায় বলে জানিয়েছিল বিশ্ববিদ্যাল কর্তৃপক্ষ।
এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়েহকে (২৬) গ্রেপ্তার করেছে হিলসবোরো কাউন্টি শেরিফ কার্যালয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেন, ‘অত্যন্ত হৃদয়বিদারক সংবাদটি জানাতে হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।’
‘সন্দেহভাজন ব্যক্তি জামিলের রুমমেট, যুক্তরাষ্ট্রের নাগরিক। নাহিদা এস বৃষ্টির বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তদন্ত চলছে। সন্দেহভাজনকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে,’ বলা হয় ওই পোস্টে।
এর আগে পুলিশ জানায়, লিমনকে ১৬ এপ্রিল সকাল ৯টার দিকে ফ্লোরিডার টাম্পায় তার বাসায় শেষবার দেখা যায়।
এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। এ ঘটনায় হিলসবরো কাউন্টি শেরিফস অফিস নিখোঁজের প্রতিবেদন নথিভুক্ত করেছে।
অন্যদিকে, নাহিদা বৃষ্টিকে একই দিন সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে সর্বশেষ দেখা যায়।
বিশ্ববিদ্যালয় পুলিশ তার নিখোঁজের ঘটনাও নথিভুক্ত করেছে।
বিস্তারিত: TDS