26/04/2026
প্যারা-কাউন্সেলরদের জন্য মৌলিক কাউন্সেলিং দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (DIRI) কাউন্সেলিং সেন্টারে কর্মরত প্যারা-কাউন্সেলরদের জন্য ‘মৌলিক কাউন্সেলিং দক্ষতা’ শীর্ষক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা গত ২৩ ও ২৪ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের কারিগরি সহায়তায় আয়োজিত এই প্রশিক্ষণে ডিরি’র ৩২ জন প্যারা-কাউন্সেলর অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণটি পরিচালনা করেন এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম। সহ-প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মনোবিজ্ঞানী জনাব আব্দুল্লাহ নোমান।
উল্লেখ্য, ডিরি দীর্ঘদিন ধরে প্রান্তিক জনগোষ্ঠীর আত্মিক ও সার্বিক কল্যাণে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব সেবাগ্রহীতাদের একটি উল্লেখযোগ্য অংশ বিভিন্ন মানসিক সংকট নিয়ে আসেন। ডিরি মূলত তাদের নিজস্ব লোকায়ত ‘ফরিয়াদি’ কাঠামোর মাধ্যমে এই সেবা প্রদান করে আসছিল।
সেই ঐতিহ্যবাহী ‘ফরিয়াদি’ মডেলকে আরও বিজ্ঞানসম্মত ও সংস্কৃতি-উপযোগী করার লক্ষ্যে ড. ইসলাম প্যারা-কাউন্সেলরদের জন্য বিশেষায়িত ‘সহায়তা’ মডেল প্রস্তুত করেন। এই মডেলে লোকজ ও আধ্যাত্মিক দর্শনের অনুসরণে, সোহবত- একত্রে বসা, শোনা এবং একে অপরের যাত্রায় সঙ্গী হওয়া, আদব- পেশাদারিত্বের সীমা ও পারস্পরিক সম্মান বজায় রাখা, তাওয়াজ্জুহ- নিবিড় সহমর্মী অনুধাবন, ইত্যাদি ধারণাগুলোকে আধুনিক কাউন্সেলিং বিজ্ঞানের সাথে সমন্বয় করা হয়েছে।
এছাড়া প্রশিক্ষণার্থীদের জটিল মানসিক রোগের প্রাথমিক উপসর্গ চিহ্নিতকরণ এবং যথাযথ বিশেষজ্ঞের কাছে ‘রেফার’ করার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।