18/04/2026
আইইউটি এডমিশন পরবর্তী সকল কার্যক্রমঃ
শুরুতেই বলি, এইবারের আইইউটি এডমিশন পরীক্ষা ২৪ ব্যাচের আইইউটি পরীক্ষার সাথে প্রায় সবকিছুতেই মিল আছে। এইবার যেমন সব ইঞ্জিনিয়ারিং পরীক্ষা শেষ হওয়ার ২ মাস পরে পরীক্ষা হলো, আমাদের ২৪ ব্যাচেও সব ইঞ্জিনিয়ারিং পরীক্ষা শেষ হওয়ার ২ মাস পরে পরীক্ষা হয়েছিল। তাই আশা করি ২৪ ব্যাচের সাথে অনেক কিছুই মিল থাকবে।
রেজাল্ট দেওয়ার পরে শিক্ষার্থীদের মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খায়, কোন সাবজেক্ট পেতে পারি? পার্শিয়াল আসবে কি না? সাবজেক্ট (ডিপার্টমেন্ট/প্রোগ্রাম) চয়েস কবে শুরু হবে? সাবজেক্ট চয়েস কীভাবে দেওয়া উচিত? টাকা কখন পে করতে হবে? সব টাকা একসাথে পে করতে হবে কি না? যারা সেলফ ফান্ডেড পড়বে তাদের কত টাকা ও কীভাবে পে করতে হবে? মাইগ্রেশন কীভাবে হয়? হলে সিট কারা আগে পাবে? ক্লাস কবে শুরু হতে পারে? আমি আইইউটি ২৪ ব্যাচের একজন শিক্ষার্থী হিসেবে আমাদের সময় যেভাবে সবকিছু হয়েছিল, তার ভিত্তিতে উপরের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব।
সাবজেক্ট (ডিপার্টমেন্ট/প্রোগ্রাম) চয়েসঃ
আইইউটি থেকে এইবার ২২ এপ্রিল থেকে ৪ মে দুপুর ৩টার মধ্যে সাবজেক্ট চয়েস দিতে বলা হয়েছে। তোমরা সবাই সময়ের মধ্যে সাবজেক্ট চয়েস দেবে। সাবজেক্ট চয়েস দেওয়ার পরে সেটি লক করতে বলা হয়। একবার সাবজেক্ট চয়েস লক করে ফেললে আর পরিবর্তনের কোনো অপশন থাকে না। তাই অবশ্যই ভালোভাবে বুঝে সাবজেক্ট চয়েস দেবে। সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু অপশন থাকে। যেমন: সিএসসি পার্শিয়াল, ইইই পার্শিয়াল, মেকানিক্যাল পার্শিয়াল, সিএসসি সেলফ ফান্ডেড, ইইই সেলফ ফান্ডেড, মেকানিকাল সেলফ ফান্ডেড সিভিল সেলফ ফান্ডেড, আইপিই সেলফ ফান্ডেদ, বিটিএম সেলফ ফান্ডেড। সাধারণত সবাই আগে পার্শিয়াল অপশনগুলো দেয়, এরপর সেলফ ফান্ডেড অপশন দেয়। কিন্তু অনেকের নির্দিষ্ট কোনো সাবজেক্টে পড়ার ইচ্ছা থাকে। সে ক্ষেত্রে সেই সাবজেক্টের পার্শিয়াল সিলেক্ট করার পরে সেলফ ফান্ডেড অপশন সিলেক্ট করা উচিত। যেমন আমাদের ব্যাচের একজনের শুধু সিএসসিতেই পড়ার ইচ্ছা ছিল। তাই সে সিএসসি পার্শিয়াল-এর পরে সিএসসি সেলফ ফান্ডেড দিয়েছিল। অল্পের জন্য তার সিএসসি পার্শিয়াল আসেনি, কিন্তু সিএসসি সেলফ ফান্ডেড পেয়েছিল। যদিও তার র্যাংক ৫০-এর মধ্যে ছিল, সে সহজেই ইইই পার্শিয়াল পেতে পারত। তাই যাদের পার্শিয়াল হলেই হবে, সাবজেক্ট খুব বেশি গুরুত্বপূর্ণ না, তোমরা পার্শিয়ালগুলো আগে সিলেক্ট করবে, এরপর সেলফ ফান্ডেড। আর যাদের নির্দিষ্ট কোনো সাবজেক্টের প্রতি প্যাশন আছে এবং পার্শিয়াল না পেলেও সমস্যা নেই, তারা সেই সাবজেক্টের পার্শিয়াল অপশনের পরে সেই সাবজেক্টের সেলফ ফান্ডেড অপশন সিলেক্ট করবে।
SWE, CEE, IPE, BTM-এর পার্শিয়াল স্কলারশিপঃ
এই ৪টি প্রোগ্রামের প্রথম ৪ জনকে পার্শিয়াল স্কলারশিপ দেওয়া হয়। এদের সিজিপিএ ধরে রাখার কোনো শর্ত থাকে না। প্রতি প্রোগ্রামের পরবর্তী ৪ জনকে কন্ডিশনাল স্কলারশিপ দেওয়া হয়। তাদের প্রতি সেমিস্টারে ৩.৭৫ সিজিপিএ ধরে রাখতে হয়।
এই প্রোগ্রামগুলোর জন্য আলাদাভাবে পার্শিয়াল স্কলারশিপ সিলেক্ট করে সাবজেক্ট চয়েস দেওয়ার কোনো অপশন থাকে না। তাই নির্দিষ্টভাবে বলা যায় না, কোন র্যাংকে এই প্রোগ্রামগুলোতে স্কলারশিপ আসবে।
যেমন আমার র্যাংক ছিল ৫৮। আমি সিএসসি পার্শিয়াল-এর পরে SWE সেলফ ফান্ডেড অপশন দিয়েছিলাম। আমার সিএসসি পার্শিয়াল আসেনি, কিন্তু SWE-তে প্রথম হওয়ার কারণে SWE-তে পার্শিয়াল পেয়েছি। তবে এইভাবে চয়েস দিলে রিস্ক থাকে।
কত পজিশনে কোন সাবজেক্ট আসতে পারেঃ
তোমাদের ইতিমধ্যে ২৪ ব্যাচে কোন পজিশনে কোন সাবজেক্ট এসেছিল তা জানার কথা। আশা করি এইবারও ২৪ ব্যাচের সাথে মিল থাকবে, তেমন পরিবর্তন হবে না। আমি পরিসংখ্যানের ছবিটি কমেন্টে দিয়ে দেব।
কখন এবং কত টাকা পে করতে হবেঃ
সাবজেক্ট চয়েসের রেজাল্ট ৪ বা ৫ মে-এর মধ্যে প্রকাশ করা হতে পারে। নোটিশে যারা ১ম কলে সাবজেক্ট পাবে, তাদের টাকা পে করতে বলা হবে। সাধারণত ১৪ দিনের মতো সময় দেওয়া হয়। অর্থাৎ ১৭ বা ১৮ তারিখের মধ্যেই টাকা পে করতে হতে পারে।
যারা পার্শিয়াল পাবে তাদের ৬৬০০ ডলার পে করতে হবে। এরপর ৪ বছরে পার্শিয়াল স্টুডেন্টদের আর কোনো টিউশন ফি দিতে হবে না। তারা হলে সিট পাবে এবং হলের থাকা-খাওয়ার জন্যও আলাদা করে টাকা দিতে হবে না। সেলফ ফান্ডেডদের ৫১০০ ডলার পে করতে হবে। পরবর্তী ৩ বছর প্রতি বছর ৩০০০ ডলার করে পে করতে হবে। এটি শুধু টিউশন ফি। হলে থাকলে প্রতি বছর ১৫০০ ডলার আলাদাভাবে পে করতে হবে। এবি ব্যাংকের যেকোনো ব্রাঞ্চ থেকে টাকা পে করা যাবে। এর জন্য আইইউটিতে আসতে হবে না।
মাইগ্রেশনঃ
যারা সাবজেক্ট চয়েস দেবে, তাদের মধ্যে প্রথম ৬৩৪ জনকে ১ম কলে টাকা পে করতে বলা হবে। এদের মধ্যে যারা টাকা পে করবে না, সেই সিটগুলো ফাঁকা থাকবে। যতগুলো সিট ফাঁকা থাকবে, ততজন শিক্ষার্থীকে ২য় কলে ডাকা হবে। এভাবে ৭ম বা ৮ম কল পর্যন্ত যেতে পারে। অনেকের প্রথমে পার্শিয়াল আসে না। তখন তাদের ৫১০০ ডলার পে করতে বলা হয়। পরে যদি মাইগ্রেশনে পার্শিয়াল আসে, তাহলে অতিরিক্ত ১৫০০ ডলার পে করতে বলা হয়।
হলে সিট কারা আগে পাবে?
সবার আগে পার্শিয়াল স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা হলে সিট পাবে। এরপর ডিপার্টমেন্টভিত্তিক মেরিট অনুযায়ী ১০–১৫ জন করে সিট দেওয়া হয়। ১ম বর্ষে সবাই সিট পায় না, তবে ২য় বর্ষে প্রায় সবাই সিট পেয়ে যায়।
ক্লাস কবে শুরু হতে পারেঃ
আইইউটির একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ক্লাস ১৯ অক্টোবর শুরু হওয়ার কথা। তারিখ পিছাতে পারে, তবে এগিয়ে আসার সম্ভাবনা নেই। আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো। আইইউটির ভাইয়া-আপুরা উত্তর দেওয়ার চেষ্টা করবে।
Md Musaddik Ibna Solimullah
CSE (SWE)’24