07/10/2026
বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব - ২০২৬
গাজীপুর ; ৭ই অক্টোবর ২০২৬ : "বিতর্ক মানে যুক্তি, বিজ্ঞানে মুক্তি" এই স্লোগান সামনে রেখে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ আয়োজনে এবং শাহজালাল ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আজ (বুধবার) গাজীপুর সদর উপজেলাধীন নয়নপুরে অবস্থিত ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে অনুষ্ঠিত হলো বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৬ এর জেলা পর্যায়ের চূড়ান্ত পর্ব।
বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব - ২০২৬ এর শুভ উদ্বোধন করেন গাজীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো.নূরুল করিম ভূঁইয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবদুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব এম.রফিকুল হাসান, ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সদস্য সচিব ও প্রধান নির্বাহী জনাব হায়দার সিদ্দিকী উদয়, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মো. বিল্লাল হোসেন ও দৈনিক সমকালের গাজীপুর জেলা প্রতিনিধি জনাব ইজাজ আহমেদ মিলন।
উৎসবে গাজীপুরের ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো—আবেদ আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাণী বিলাসমণী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, চাইল্ড কেয়ার হাই স্কুল, সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর, জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ, এইচ.এ.কে একাডেমি, গাজীপুর রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, বর্ণমালা স্কুল, শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন উচ্চ বিদ্যালয়, বেঞ্চমার্ক ইন্টারন্যাশনাল স্কুল, খারতৈল মনসুর আলী স্কুল অ্যান্ড কলেজ এবং রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল।
উৎসবের মডারেটরের দায়িত্ব পালন করেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক অসীম বিভাকর। বিচারক ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আক্তার জাহান শাম্মী, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সাবেক সহসভাপতি মোবারক হোসেন, বাচিক শিল্পী ইকবাল আহমেদ নিশাত ও ফরহাদ হোসেন।অনুষ্ঠানটি সমন্বয় করেন প্রভাষক মো.ইমু হোসাইন।
বিতর্কের বিভিন্ন ধাপ শেষে চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় আবেদ আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও রাণী বিলাসমণী সরকারি বালক উচ্চ বিদ্যালয়। চূড়ান্ত পর্বে আবেদ আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হয়। রাণী বিলাসমণী সরকারি বালক উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়।
বিজয়ী দলের সদস্য ছিলেন আয়েশা সিদ্দিকা, নববী নাজাহ ও মারয়ুক্বাহ লামিয়া। রানার্সআপ দলের সদস্য ছিলেন দলনেতা প্রিয়ন্ত দাস, নূর রহমান নয়ন ও শামস বিন হক নিহাল।
ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন রানার্সআপ দলের দলনেতা প্রিয়ন্ত দাস।
দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির প্রধান নির্বাহী ও সদস্য সচিব জনাব হায়দার সিদ্দিকী উদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দল, শ্রেষ্ঠ বক্তা এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।