02/04/2026
প্রেস বিজ্ঞপ্তি
GST ভর্তি পরীক্ষা ২০২৫–২৬
জাবিপ্রবিতে বি-ইউনিটে ভর্তিচ্ছু ২৫৫, প্রস্তুতি সম্পন্ন
জাবিপ্রবি, ০২ এপ্রিল ২০২৬ খ্রি., বৃহস্পতিবার ।। ২০২৫–২৬ শিক্ষাবর্ষে সমন্বিত GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষায় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) 'বি ইউনিটে’ (মানবিক শাখা) মোট ২ হাজার ২০৫ জন ভর্তিচ্ছুক শিক্ষার্থী অংশ নেবেন।
শুক্রবার (৩ এপিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী সারাদেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। ভর্তিুচ্ছুক শিক্ষার্থীদের ডাউনলোড করা প্রবেশপত্রে (Admit Card) এ সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ রয়েছে।
এদিকে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের সুবিধার্থে হেল্প ডেস্ক স্থাপন, অভিভাবকদের জন্য বসার ব্যবস্থাও আছে। এছাড়া তাদের যাতায়াতের সুবিধার্থে রয়েছে বাস সার্ভিস। এছাড়া সার্বিক নিয়মশৃঙ্খলা রক্ষায় প্রক্টরিয়াল বডির পাশাপাশি স্বেচ্ছাসেবী শিক্ষার্থীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রথমবর্ষ (সম্মান) ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক, স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
এবার দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় GST গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। গত ২৭মার্চ ‘সি-ইউনিট’ এর পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ১০ এপ্রিল এ-ইউনিটের (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই বিশ্ববিদ্যালয়ে এবার এ-ইউনিটে ৩ হাজার ৪৫৯ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা। এর মাঝে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২ হাজার ৭০০ এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি, মেলান্দহ) ৭৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
সার্বিক প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে হেল্প ডেস্ক স্থাপনসহ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এছঅড়া ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের যাতে যানবাহন অপ্রতুলতার বেগ পোহাতে না হয়, সেজন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের বাসগুলো জামালপুর শহরের ফৌজদারি মোড় হতে সকাল ৮টা থেকে চলাচল করবে। ফলে বিনা খরচে যাতায়াত করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jstu.ac.bd), অফিসিয়াল ফেসবুক পেজ ও গ্রুপ এবং GST গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় ওয়েবসাইটে (www.gstadmission.ac.bd) পাওয়া যাবে।
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কীভাবে যাবেন:
দেশের ৪৪তম এ পাবলিক বিশ্ববিদ্যালয়ের অবস্থান জামালপুর জেলার মেলান্দহ উপজেলার গোবিন্দগঞ্জ বাজার সংলগ্ন এলাকায়। দেশের যেকোনো জায়গা থেকে জামালপুর শহরে (যেমন- বাইপাস মোড়, পাঁচ রাস্তার মোড়, ফৌজদারি মোড়, ভোকেশনাল মোড় ইত্যাদি) পৌঁছানোর পর ব্যাটারিচালিত অটোরিকশা কিংবা সিএনজিচালিত অটোরিকশায় অথবা অন্য যেকোনো যানে চড়ে জামালপুর-দেওয়ানগঞ্জ রুটের মেলান্দহ সড়ক ধরে সহজেই পৌঁছে যাওয়া যায় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিন্দগঞ্জ বাজার সংলগ্ন)।
-
জনসংযোগ দপ্তর
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ই-মেইল: [email protected]
ছবি: জাবিপ্রবি সাংবাদিক সমিতির পেজ থেকে সংগৃহীত