17/08/2026
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়—এই তিনটি ধাপের মধ্যে কলেজ জীবনই সবচেয়ে সংক্ষিপ্ত। তবে নির্ঝর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এই সংক্ষিপ্ত সময়ই আমার শিক্ষা জীবনের অন্যতম সেরা অধ্যায়। কলেজে প্রথম দিন এসেছিলাম কিছুটা দ্বিধা আর সংকোচ নিয়ে। নতুন পরিবেশ, নতুন মানুষ—সবকিছুই ছিল অপরিচিত। কিন্তু অল্প সময়ের মধ্যেই সম্মানিত শিক্ষকদের আন্তরিকতায় সেই জড়তা দূর হয়ে যায়।
এই কলেজের শিক্ষা শুধু শ্রেণিকক্ষের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বিভিন্ন ক্লাবের কার্যক্রম এবং অন্যান্য সহশিক্ষামূলক আয়োজন আমাদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি নিজেও বিতর্ক ক্লাব এবং আমার হাউজের কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলাম, যা আমাকে দলগতভাবে কাজ করা, দায়িত্ব নেওয়া এবং নেতৃত্ব দেওয়ার মূল্যবান অভিজ্ঞতা দিয়েছে।
নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সবচেয়ে বড় বিষয় হলো, এই কলেজের পরিবেশ অত্যন্ত সুশৃঙ্খল, নিরাপদ এবং শিক্ষাবান্ধব। ফলে একজন শিক্ষার্থী একাডেমিক উৎকর্ষের পাশাপাশি একজন দায়িত্বশীল ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার সুযোগ পায়।
সবশেষে বলতে চাই, নির্ঝর আমাকে শুধু একজন ভালো শিক্ষার্থী হিসেবে নয়, বরং একজন দায়িত্বশীল, আত্মবিশ্বাসী এবং নেতৃত্বগুণসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করেছে। জীবনের প্রতিটি ধাপে এই প্রতিষ্ঠানের শিক্ষা, মূল্যবোধ এবং অসংখ্য স্মৃতি আমাকে অনুপ্রাণিত করবে।
Md Adnan Masrur
HSC batch - 2023
Department of Microbiology
Jahangirnagar University