25/06/2026
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রেস রিলিজ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভুট্টার আফলাটক্সিন দূষণ রোধে সেমিনার অনুষ্ঠিত।
ময়মনসিংহ, ২৫ জুন ২০২৬: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্ল্যান্ট প্যাথলজি বিভাগের আয়োজনে "Assessing biocontrol efficacy of atoxigenic Aspergillus flavus strains against aflatoxins contamination in maize produced in Bangladesh (5th Phase BAS-USDA BAU CR-24)" শীর্ষক প্রকল্পের সমাপনী সেমিনার আজ দুপুর ১১.০০টায় কৃষি অনুষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র এর বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মি. ওয়েন ডি. কালভার্ট, বাকৃবি’র কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি এম মুজিবুর রহমান এবং ড. মোহাম্মদ এনায়েত-এ-রাব্বী, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।
বাকৃবির উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. ইসলাম হামিম এর সভাপতিত্বে আয়োজিত উক্ত সেমিনারে প্রকল্পের মূল গবেষণা ফলাফল উপস্থাপন করেন প্রকল্পের প্রধান গবেষক এবং প্ল্যান্ট প্যাথলজি বিভাগের প্রফেসর ড. মো. রাশিদুল ইসলাম। তিনি বাংলাদেশে উৎপাদিত ভুট্টার ক্ষতিকারক আফলাটক্সিন দূষণ প্রতিরোধে টক্সিনমুক্ত Aspergillus flavus স্ট্রেইনের মাধ্যমে জৈবিক নিয়ন্ত্রণ পদ্ধতির কার্যকারিতা ও গবেষণার গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন।
পরবর্তীতে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয় এবং বিশেষ অতিথিবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘আফলাটক্সিন’ আমাদের দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। তিনি উল্লেখ করেন যে, আলোচ্য বিষয়ের ওপর সংশ্লিষ্ট গবেষক দল নিরলস পরিশ্রমের মাধ্যমে একটি কার্যকর আফলাটক্সিন জৈবনিয়ন্ত্রণ পণ্য উদ্ভাবন করেছে। এ উদ্ভাবন দেশে নিরাপদ ও মানসম্মত ভুট্টা উৎপাদন বৃদ্ধি, আফলাটক্সিন দূষণ নিয়ন্ত্রণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (BAS) এবং ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (USDA) এর যৌথ অর্থায়নে এই গবেষণা প্রকল্পটি পরিচালিত হয় ।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, গবেষক, ইস্পাহানি এগ্রো লিমিটেড ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং পিএইচ.ডি ও এম.এস-এর শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাকৃবি,ময়মনসিংহ-২২০২।