23/09/2025
জান্নাতের সর্দার ও নারীদের নেত্রী: মা ফাতেমা (রা.) - এক আলোকবর্তিকার গল্প
ইসলামিক ফাউন্ডেশন, কুড়িগ্রামের উদ্যোগে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হলো এক বিশেষ আলোচনা সভা, যা আমাদের আবেগকে গভীরভাবে ছুঁয়ে গেছে।
সভার মূল বিষয় ছিল: "জান্নাতের সর্দার ও নারীদের নেত্রী হযরত ফাতেমা (রা.)-এর জীবন ও কর্ম।"
কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক জনাব আব্দুর রাজ্জাক রনি এবং কুড়িগ্রাম গওহর পার্ক জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ আকরাম হোসেনের আলোচনা শ্রোতাদের মন ছুঁয়ে গেছে।
প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মা ফাতেমা (রা.)-এর গৌরবময় জীবন অধ্যায় তুলে ধরার সময় অনেক শিক্ষার্থীর চোখে শ্রদ্ধার অশ্রু ঝরেছে।
ইসলামে নারীর মর্যাদা ও শিক্ষিত মায়ের ভূমিকা:
ইসলাম নারীদের শুধু ঘরে সীমাবদ্ধ রাখেনি, বরং শিক্ষা অর্জনকে ফরজ করেছে এবং পর্দার সাথে হালাল উপায়ে কর্মক্ষেত্রে অবদান রাখার সুযোগ দিয়েছে।
নেপোলিয়ন বোনাপার্টের "শিক্ষিত মা দাও, শিক্ষিত জাতি দেব" উক্তির বহু শতাব্দী আগেই মা ফাতেমা (রা.) এই সত্য প্রমাণ করে গেছেন। তিনি জ্ঞান ও ঈমানের আলোয় আলোকিত হয়ে ইমাম হাসান (রা.) ও ইমাম হুসাইন (রা.)-কে এমনভাবে গড়ে তুলেছিলেন যে, তাঁরা ইসলামের ইতিহাসে অমর হয়ে আছেন।
জাহেলি যুগে নারীরা ছিল চরম অবহেলিত, কিন্তু ইসলামের আগমনে তারা ফিরে পেল মর্যাদা ও অধিকার। মা ফাতেমা (রা.) ছিলেন এই পরিবর্তনের সর্বোত্তম উদাহরণ ছিলেন নবী করিম (সা.)-এর কনিষ্ঠ কন্যা, জান্নাতের সর্দার এবং বিশ্ব নারীদের শ্রেষ্ঠা।
আজকের সমাজে শিক্ষিত নারীর অবদান অনস্বীকার্য। মা ফাতেমা (রা.)-এর জীবন আমাদের জন্য সেই অনন্য দৃষ্টান্ত, যিনি যুগে যুগে নারীর জন্য এক আলোকবর্তিকা হয়ে আছেন। তাঁর দেখানো পথে চলেই আমরা একটি সুন্দর ও প্রগতিশীল সমাজ গড়তে পারি।