28/09/2026
প্রেস বিজ্ঞপ্তি
বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে র্যালি ও আলোচনা সভা
‘Empowering pharmacists for healthier futures’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উদ্যোগে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফার্মেসি সোসাইটির (CUPS) সহযোগিতায় র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসাইন সরকার, মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন এবং প্রক্টর অধ্যাপক ড. মোঃ শাহাদাৎ হোসেন । এছাড়া ফার্মেসি বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, বিভিন্ন সীমাবদ্ধতা ও চড়াই-উতরাই পেরিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ একটি পরিপূর্ণ বিভাগের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বিভাগের বর্তমান চেয়ারম্যান ড. জান্নাতুল ফেরদৌসের গবেষণা পুরস্কার অর্জনে অভিনন্দন জানান এবং তাঁর নেতৃত্বে বিভাগটি আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নতুন ক্যাম্পাসকে ‘গ্রিন ক্যাম্পাস’ হিসেবে গড়ে তোলার উদ্যোগের কথা উল্লেখ করে মাননীয় উপাচার্য বলেন, সেখানে ফার্মেসি ও কেমিস্ট্রি বিভাগের দায়িত্ব গুরুত্বপূর্ণ হবে। নতুন ক্যাম্পাসে একটি হারবাল গার্ডেন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন, যেখানে বিভিন্ন ঔষধি গাছের পরিচিতি, নাম ও ব্যবহার সম্পর্কে তথ্য প্রদর্শন করা যেতে পারে। একই সঙ্গে দেশের ঔষধ শিল্পের অগ্রগতির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাডেমিয়া-ইন্ডাস্ট্রি লিংকেজ আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।
স্বাস্থ্যসংশ্লিষ্ট শিক্ষা ও গবেষণার পরিধি বাড়াতে বিশ্ববিদ্যালয়ে নার্সিং ইনস্টিটিউট ও পাবলিক হেলথ বিভাগ চালুর উদ্যোগের কথাও জানান মাননীয় উপাচার্য। ‘For healthier futures’ ধারণাকে সামনে রেখে এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসাইন সরকার বলেন, রোগীদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং তাদের দ্রুত সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভবিষ্যৎ ফার্মাসিস্টদের মানবিক মূল্যবোধ ও মানুষের সেবার লক্ষ্যকে সামনে রেখে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
এর আগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র্যালি অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে দিবসটির আয়োজন শেষ হয়।
বার্তা প্রেরক,
মোহাম্মদ এমদাদুল হক
ডেপুটি রেজিস্ট্রার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়